নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এই ভায়াবহ দুর্ঘটনার কারণে কিছু সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর দুটি যানই সড়কের ওপর ছিটকে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করেছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।