
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর অংশ হিসেবে কারওয়ান বাজারের ঐতিহ্যবাহী কিচেন মার্কেটটি সরিয়ে গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক থেকে যানজট কমাতে সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকের মূল সিদ্ধান্ত ও আলোচিত বিষয়সমূহ:
বাজার স্থানান্তর: কারওয়ান বাজারের যানজট কমাতে কিচেন মার্কেটটি দ্রুত গাবতলীতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইটিসি ও অ্যাপ চালু: ঢাকা শহরের সকল এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে দ্রুত ও প্রযুক্তিনির্ভর 'ইলেকট্রনিক টোল কালেকশন' (ETC) সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়েছে। এর জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির নির্দেশ দিয়ে আগামী চার মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী।
যানবাহন ও টার্মিনাল ব্যবস্থাপনা: নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ কমানো, গণপরিবহন খাতে শৃঙ্খলা আনা, বাস টার্মিনালগুলোর পুনর্বিন্যাস এবং পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত ছিলেন।