
কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হিরা মিয়া নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে পাটেশ্বরী বাজার এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে বিকট শব্দে সংঘর্ষ হয়। এতে দুই বাইকে থাকা চার আরোহী গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে হিরা মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তরের পরামর্শ দেন। পরে রংপুর মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক হিরাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেতরবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আমিনুর ইসলাম জানান, হিরা মিয়ার মরদেহ বাড়িতে আনা হয়েছে এবং পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহতের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।