খারাপ ফর্মের মাসুল দিলেন মারনাস লাবুশেন। পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর এবার অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকেই বাদ পড়তে হলো এই ব্যাটারকে।
ওয়ানডে দল থেকে বাদ পড়লেও টেস্ট দলে এখনো নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন তিনি।
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দল থেকে লাবুশেন ছিটকে গেলেও ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন দুই তারকা ক্রিকেটার ট্রাভিস হেড ও মিচেল মার্শ।
বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ মিস করলেও টি-টোয়েন্টি খেলেছিলেন মার্শ। অন্যদিকে পুরো সফরেই বাইরে ছিলেন হেড।
বাংলাদেশ সিরিজে টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে প্রথমবারের মতো অজি ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার জোয়েল ডেভিস।
এছাড়া তরুণ ওলি পিক তার জায়গা বজায় রাখতে সক্ষম হয়েছেন।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স হলেও জিম্বাবুয়ে সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
তবে দক্ষিণ আফ্রিকা সফরে কামিন্সের খেলার ওপর ভিত্তি করে দুজনের মধ্যে অধিনায়কত্ব ভাগাভাগি হবে।
কামিন্সের মতোই কেবল দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াডে রয়েছেন গতি তারকা মিচেল স্টার্ক।
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা দুই প্রতিপক্ষের সাথেই তিনটি করে ওয়ানডে ম্যাচ খেলবে অজিরা।
আগামী ১৫, ১৮ ও ২০ সেপ্টেম্বর হারারেতে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে সিরিজের ম্যাচগুলো। এরপর ডারবান, জোহানেসবার্গ ও পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর।
অস্ট্রেলিয়ার ঘোষিত ওয়ানডে স্কোয়াড:
জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনোলি, প্যাট কামিন্স (কেবল দক্ষিণ আফ্রিকা সিরিজ), জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেনসার জনসন, মিচেল মার্শ, ওলিভার পিক, ম্যাট রেনশ, বিলি স্টেনলেক, মিচেল স্টার্ক (কেবল দক্ষিণ আফ্রিকা সিরিজ) ও অ্যাডাম জাম্পা।