
রংপুরের গঙ্গাচড়ায় সাপের খেলা চলাকালে সাপুড়ের মন্ত্র পড়া কেন্দ্র করে হাতাহাতির জেরে এন্দাজ মিয়া (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় চার ভাই–সহোদরকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে মুন্সীগঞ্জের টংগিবাড়ী এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ)।
গ্রেফতারকৃতরা হলেন— গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের নূর হোসেনের চার ছেলে:
মো. আশরাফুল ইসলাম (৪৫)
মো. মাবু মিয়া (৩০)
মো. লেবু মিয়া (৩০)
মো. এরশাদ আলী (৪০)
বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
ঘটনার পটভূমি এজাহারের তথ্যমতে, গত ২৫ আগস্ট রাতে গঙ্গাচড়ার কাশিয়াবাড়ীর হাট সংলগ্ন একটি মাঠে সাপুড়ের খেলা ও মন্ত্র পড়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরাসহ অন্তত ৯-১০ জন সাপুড়েকে মারধর শুরু করেন।
উপস্থিত ভুক্তভোগী এন্দাজ মিয়ার বড় ছেলে আব্দুল মালেক সাপুড়েকে বাঁচাতে এগিয়ে যান এবং তাকে সরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা মালেকের ওপর চড়াও হন। ছেলেকে বাঁচাতে বয়োবৃদ্ধ বাবা এন্দাজ মিয়া এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২৬ আগস্ট গঙ্গাচড়া থানায় মামলা করা হলে আসামিরা আত্মগোপনে চলে যান। গোপন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের বালিগাঁও ও ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেফতার করে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।