মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের কোনো প্রকার দালালের খপ্পরে না পড়ে দ্রুত দেশে ফেরার তাগিদ দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দেশজুড়ে চলমান কঠোর ইমিগ্রেশন অভিযানের মধ্যে গ্রেফতার ও আইনি জটিলতা এড়াতে প্রবাসীদের মালয়েশিয়া সরকারের বিশেষ সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম এই তথ্য জানান।
মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০ (PRM 2.0)
নথিবিহীন ও অনিয়মিত বিদেশি নাগরিকদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠাতে মালয়েশিয়া সরকার এ সুযোগ চালু করেছে। এই কর্মসূচির আওতায় বাংলাদেশিরা যেভাবে দেশে ফিরতে পারবেন:
-
পাসপোর্ট ও ভ্রমণ নথি: বৈধ ও মেয়াদযুক্ত পাসপোর্ট থাকতে হবে। যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদের মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, তবে হাইকমিশন থেকে সরাসরি ট্রাভেল পারমিট (TP) সংগ্রহ করতে হবে।
-
বিমানের টিকিট: নিশ্চিন্তে টিকিট কেটে যাত্রার তারিখ ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের অন্তত ৫ দিন পর এবং সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে নির্ধারণ করতে হবে।
-
সশরীরে আবেদন: আবেদনকারীকে নিজেই প্রয়োজনীয় নথি (পাসপোর্ট/টিপি, বায়োডাটা পাতার কপি, ইমিগ্রেশন পাসের কপি ও বিমান টিকিট) নিয়ে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে হবে।
বিশেষ সতর্কতা
হাইকমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় কোনো মধ্যস্থতাকারী, দালাল বা তৃতীয় পক্ষের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করলে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন অভিযান তীব্র হওয়ায় শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত ইমিগ্রেশন বিভাগ বা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি।