টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাইম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে ধনবাড়ী থানাধীন বানিয়াজান এলাকার বাবুল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী থানার রাত্রীকালীন মোবাইল ডিউটি চলাকালে বানিয়াজান এলাকার বাবুল বাজারে সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত নাইমকে আটক করে পুলিশ। পরে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার নাইম ধনবাড়ী উপজেলার বানিয়াজান মীরাপাড়া (বাসস্ট্যান্ড) এলাকার গিয়াস ফকিরের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ধনবাড়ী থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১০ এবং তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬।
মামলা দায়েরের পর গ্রেপ্তার নাইমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ধনবাড়ী থানা এলাকায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিকের দিকনির্দেশনায় পরিচালিত হয়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধনবাড়ী উপজেলায় মাদকদ্রব্যের বিস্তার রোধে অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।