
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। এর মাধ্যমে ২০২৪ সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে একযোগে নিয়োগ পাওয়া ২৩ জন বিচারকের মধ্যে সর্বশেষ ব্যক্তি হিসেবে তিনি স্থায়ী নিয়োগ পেলেন।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আপিল বিভাগের রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আশিকুল খবির। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, শপথ গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ অক্টোবর দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে সে সময় তার বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় স্থায়ী বিচারপতি হিসেবে সুপারিশের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়।