
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামের সরাসরি নির্দেশে লাকসামে পাঁচ সদস্যের একটি নতুন প্রেসক্লাব কমিটি গঠন করা হয়েছে। সোমবার এই কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঘোষিত এই কমিটিতে মুজিবুর রহমান দুলালকে সভাপতি এবং মো. নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া তমিজ উদ্দিন আহম্মদ চুন্নু যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম চৌধুরী হীরা সাংগঠনিক সম্পাদক এবং এম. এ জলিল প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন।
কমিটির স্বপক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লাকসামে দীর্ঘদিন ধরে একাধিক প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠন সক্রিয় থাকায় গণমাধ্যমকর্মীদের মাঝে কোনো ঐক্য ছিল না। পেশাদার সাংবাদিকদের মর্যাদা রক্ষা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি এবং পেশাগত ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যেই সংসদ সদস্যের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে রাজনৈতিক নেতার নির্দেশে সাংবাদিকদের সংগঠন গড়ে তোলার এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর নজিরবিহীন হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা।
কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ক্ষোভ প্রকাশ করে বলেন, "কোনো একজন সংসদ সদস্য উপজেলা প্রেসক্লাবের কমিটি করে দিচ্ছেন—এটি অত্যন্ত লজ্জাজনক বিষয়। এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপের শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
অন্যদিকে, এ বিষয়ে জানতে চাওয়া হলে বিতর্কিত এই নির্দেশনার কথা স্বীকার করেছেন সংসদ সদস্য মো. আবুল কালাম নিজেই। তিনি জানান, "হ্যাঁ, আমিই আংশিক এই কমিটি দিয়েছি এবং তা প্রেসক্লাবের নিজস্ব প্যাডেই দেওয়া হয়েছে।"