
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এর মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। আটক করা মদের পরিমাণ ৮১ দশমিক ৫০ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি দল বিমানবন্দরে বিশেষ নজরদারি শুরু করে। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের (ইকে০৫৮৪) একটি ফ্লাইটে রোমান মিখাইলভ নামে এক বিদেশি নাগরিক ঢাকায় অবতরণ করেন। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগ স্ক্যানিং করা হলে সাড়ে ৭৮ লিটার বিভিন্ন ব্যান্ডের মদ পাওয়া যায়। ব্যাগেজ রুলস অনুযায়ী ওই ব্যাগে থাকা মদের মধ্য থেকে ১ লিটার শুল্কমুক্ত হিসেবে ছেড়ে দেওয়া হয় এবং বাকি সাড়ে ৭৭ লিটার আটক করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার রাতে টার্কিশ এয়ারলাইন্সের (টিকে০৭১২) ফ্লাইটে দেশে নামেন সামিউল ইসলাম নামের এক যাত্রী। তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হলে আরও ৪ লিটার মদ উদ্ধার করা হয়।
উভয় ঘটনায় ব্যাগেজ রুলসের আওতায় ১ লিটার ছাড় দিয়ে মোট সাড়ে ৮১ লিটার অবৈধ বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।