
বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ আরও সুরক্ষিত ও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) যাচাই করা ছাড়া কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. তোফায়েল হোসেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সঠিক প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়াই অনেক দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করছেন। এ ধরনের অনিয়ন্ত্রিত প্রবেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করছে এবং সরকারের স্বাভাবিক দাপ্তরিক কর্মপরিবেশ ব্যাহত করার আশঙ্কা রয়েছে।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে সচিবালয়ে আসার পূর্বে দর্শনার্থীদের ওটিপি প্রক্রিয়া সম্পন্ন ও যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।