যানবাহনের মালিক ও চালকদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত কোনো প্রকার জরিমানা গুণতে হবে না—শুধুমাত্র মূল কর ও নির্ধারিত ফি দিয়ে হালনাগাদ করে নেওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট।
সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, যাদের গাড়ি বা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, তারা এই নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করে আইনি ঝামেলা থেকে মুক্ত হওয়ার সুযোগ পাবেন।
মালিকানা হস্তান্তর না করলে পুরনো মালিকের ঝুঁকি
বিজ্ঞপ্তিতে যানবাহন কেনাবেচার পর দ্রুত মালিকানা পরিবর্তনের জোর তাগিদ দেওয়া হয়েছে। বিআরটিএ উল্লেখ করে, অনেক ক্ষেত্রেই গাড়ি বিক্রি হলেও নতুন ক্রেতার নামে নিবন্ধন বা মালিকানা বদল করা হয় না। ফলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অগ্রিম আয়কর, পরিবেশ সারচার্জ এবং আনুষঙ্গিক অন্যান্য বকেয়া করের দায়ভার পূর্বের মালিককেই বহন করতে হয়।
ঘরে বসেই অনলাইনে মালিকানা পরিবর্তনের সুযোগ
গ্রাহকদের ভোগান্তি ও সময় বাঁচাতে পুরো প্রক্রিয়া সহজ করেছে সংস্থাটি। এখন থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালের (BRTA Service Portal) মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ঘরে বসে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি জমার অনলাইন রশিদ জমা দিয়ে সহজেই মালিকানা বদলের আবেদন সম্পন্ন করতে পারবেন।