পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাসস্থান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাকে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় পঞ্চগড় থেকে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর তার বাবা মনু মিয়া বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুধু আল আমিন হত্যা মামলা নয়, জুলাই অভ্যুত্থান সংক্রান্ত একাধিক মামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলার আসামি তিনি।
সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল।