খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত নেতাকর্মীদের রাজনৈতিক অবদান ও সাংগঠনিক ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আয়োজকদের দাবি, খাগড়াছড়ি জেলায় এ ধরনের আয়োজন এই প্রথম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আব্দুল রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম।
অনুষ্ঠানে পানছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করা হয়। সংগঠনের প্রতি তাঁদের অবদান, ত্যাগ ও রাজনৈতিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা প্রয়াত নেতাকর্মীদের রাজনৈতিক অবদান ও সাংগঠনিক ত্যাগ স্মরণ করেন। তাঁদের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের নেতাকর্মীদের মাঝে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সেলিম কোম্পানি।
প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠান তাঁদের রাজনৈতিক অবদানকে সম্মান জানানো এবং দলের ইতিহাসে তাঁদের ত্যাগ ও ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।