বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বেইজিং ও ঢাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে আয়োজিত চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে উভয় দেশের শীর্ষ প্রতিনিধিরা এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে ঢাকার চীনা দূতাবাস।
অনুষ্ঠানে বক্তৃতাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, গত সাত দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচকে চীনের যে অভাবনীয় অগ্রগতি হয়েছে, তা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাস্তবভিত্তিক সহযোগিতা আরও বাড়িয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, ঢাকার চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন দুই দেশের শীর্ষ নেতৃত্বের দূরদর্শী দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের বর্তমান পর্যায় অত্যন্ত মজবুত। 'নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়' গড়ে তোলার যৌথ উদ্যোগ দীর্ঘমেয়াদে দুই দেশের অংশীদারত্বকে আরও এগিয়ে নেবে।
বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ড. লিউ ইউইন জানান, বেইজিং সবসময় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতায় পাশে থাকতে প্রস্তুত রয়েছে।