রিশাল নগরীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সশস্ত্র মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে নগরীর বাংলাবাজার এলাকায় সশস্ত্র অবস্থায় ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। ঘটনার দুই দিন পর সোমবার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় প্রধান আসামিরা হলেন— সাদ, মিরাজ, লাদেন, রাতুল, রাকিব, আবু বকর সিদ্দিক, রাশেদুল ইসলাম, ফয়সাল আহমেদ মুন্না, তরিকুল ইসলাম রাজা, উজ্জল, খোকা, সীমান্ত এবং ইব্রাহিম।
একাধিক ঝটিকা মিছিলের ঘটনায় নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের দুর্বল নজরদারির সুযোগ নিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এমন সহিংস কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।