সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর একটি টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্য নিয়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে তিনি আবেগবশত ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ বলে মন্তব্য করেছিলেন।
নিজের ভুল স্বীকার করে কামরুজ্জামান রতন জানান, ওই মন্তব্য করা তাঁর জন্য মোটেও ঠিক হয়নি এবং তিনি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করে নিচ্ছেন। তাঁর এই মন্তব্যের কারণে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত লেগেছে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের প্রসঙ্গ নিয়ে আলোচনার সময় তাঁর ওই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।