সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য দিয়ে চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে পতেঙ্গা সমুদ্রসৈকতে আয়োজিত প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরের পূজা উদযাপন কমিটি, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। উৎসবের সার্বিক পরিবেশ সুন্দর রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করা হয়েছে। সকলের আন্তরিকতা ও সহযোগিতার কারণেই উৎসবটি এত সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ সফলতার জন্য তিনি পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য কেবল নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়; বরং নাগরিক সেবা, পরিচ্ছন্ন পরিবেশ, চলাচলের উপযোগী সড়ক এবং উৎসবস্থলে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করাও জরুরি। দুর্গাপূজা উপলক্ষে নগরের বিভিন্ন পূজামণ্ডপে সহযোগিতা প্রদান, বিদ্যুৎ ও আলোকসজ্জার ব্যবস্থা সমন্বয়, সড়ক সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নাগরিকদের ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো আনন্দ ও স্বস্তির সঙ্গে উদযাপনের সুযোগ করে দিতে সিটি করপোরেশন সর্বদা সচেষ্ট রয়েছে।
চট্টগ্রামকে ঐতিহাসিকভাবে বহুধর্মীয় সংস্কৃতি, সম্প্রীতি ও সহাবস্থানের নগরী উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, “এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছেন। একে অপরের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মাধ্যমেই আমাদের সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।”
অনুষ্ঠানে অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট নিখিল নাথ এবং অনুষ্ঠান পরিচালনা করেন অঞ্জন দত্ত। এ সময় আরও বক্তব্য দেন ক্যাপ্টেন শামীম, ডা. নুরুল আবসার, বিপ্লব দে পার্থ, সৌরভ প্রিয় পাল, আশুতোষ দে, বিপ্লব সেন, সূজন কুমার শীল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও সম্প্রীতি ও মানবতার চর্চা সারা বছরই অব্যাহত রাখতে হবে। সব ধর্মের মানুষের নিরাপদে আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন ভবিষ্যতেও একযোগে কাজ করে যাবে।