বন্দরনগরী চট্টগ্রামে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন মণ্ডপ থেকে শোভাযাত্রা সহকারে ভক্ত-অনুরাগীরা প্রতিমা নিয়ে নির্দিষ্ট বিসর্জন ঘাটগুলোর দিকে যাত্রা করেন।
এ বছর নগরীর প্রধান ও বৃহৎ বিসর্জনস্থল পতেঙ্গা সমুদ্র সৈকতে হাজার হাজার ভক্তের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিকেল ৩টায় পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও নগরীর ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাট, কালুরঘাট এবং উত্তর কাট্টলীর রানী রাসমণি ঘাটে প্রতিমা বিসর্জনের বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি জেলার ১৫টি উপজেলার স্থানীয় নদ-নদী, সমুদ্র উপকূল ও জলাশয়েও ভক্তরা প্রতিমা বিসর্জন দেন। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের।
প্রতিমা বিসর্জন উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সাগরে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে সৈকত ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। ভক্তরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে তাদের উৎসবের সমাপ্তি ঘটিয়েছেন।