উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠের লড়াইয়ের উত্তাপ এবার গড়িয়েছে প্রশাসনিক টেবিলে। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচের আগে পিএসজি সমর্থকদের একটি বিতর্কিত বিশাল ব্যানার (টিফো) প্রদর্শনের ঘটনায় উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
ম্যাচ শুরুর মুহূর্তে পিএসজি গ্যালারিতে উন্মোচিত ওই ব্যানারে দেখা যায়, একটি মুখোশধারী চরিত্র করাত দিয়ে বার্সেলোনার লোগো চুরমার করে দিচ্ছে এবং নিচে লেখা রয়েছে—‘ম্যাসাকার, প্যারিসিয়ান স্টাইল’। সেই সঙ্গে প্রচুর আতশবাজি ও অগ্নিস্ফুলিঙ্গ ব্যবহার করায় বিষয়টিকে ‘অতিরিক্ত আক্রমণাত্মক ও অপমানজনক’ বলে মনে করছে কাতালান ক্লাবটি।
উল্লেখ্য, ওই ম্যাচে মাঠে অবশ্য দারুণ জয় নিয়েই মাঠ ছেড়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজির পক্ষে দেজিরে দুয়ে, লুকাস হার্নান্দেজ, ভিতিনিয়া এবং ফাবিয়ান রুইজ গোল করে দলের ৪-২ গোলের জয় নিশ্চিত করেন। অন্যদিকে বার্সেলোনার হয়ে জাভি এস্পার্ত ও লামিনে ইয়ামাল গোল করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি হ্যানসি ফ্লিকের দল। এই পরাজয়ের ফলে বার্সেলোনার টানা ১১ ম্যাচের জয়রথও থেমে যায়।