হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও আবদুল মঈন খানকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পৃথকভাবে হাসপাতালে গিয়ে তাঁরা দুই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
দলীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু। প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও, অবস্থার পরিপ্রেক্ষিতে আজ তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
অন্যদিকে, গত বুধবার রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। আজ দুপুর ২টার দিকে তাঁকে দেখতে হাসপাতালে যান সমাজকল্যাণমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মঈন খানের সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন।