রাজধানী ঢাকার হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
পুলিশ জানায়, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করে পুলিশ। পরবর্তীতে হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেলের পেছনে মেন্ডী ডেন্টাল রোডে আকস্মিক হানা দেয় একদল দুর্বৃত্ত। প্রায় ২৩টি মোটরসাইকেলে করে আসা হেলমেট ও মাস্ক পরিহিত ৪৫ থেকে ৫০ জন যুবক ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে। টানা ১৮ মিনিট ধরে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে তাণ্ডব চালায় এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়।