পাসপোর্ট ব্লক থাকায় চিকিৎসার জন্য ভারতে যেতে পারেননি সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়ার পর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পরিবার সূত্রে জানা গেছে, কামাল আহমদ দীর্ঘদিন ধরে লিভারের সংক্রমণসহ নানা জটিল রোগে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বৈধ ভিসা নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছান তিনি। তবে ইমিগ্রেশন পুলিশ তাঁর পাসপোর্ট যাচাই করতে গিয়ে দেখেন সেটি 'ব্লক' করা রয়েছে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাঁকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় জালালাবাদ থানায় গ্রেপ্তার হয়ে কিছু দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন এই নেতা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, গত মাসে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।