প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস সহকারী পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে নাটোরের সিংড়ায় আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ (৩০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এর আগে শুক্রবার রাতে সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু হুরায়রা সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতার, রংপুরে রেডিও টেকনিশিয়ান পদে সরকারি চাকরি করেন। সেখানে কর্মরত অবস্থাতেও একই ধরনের প্রতারণার মামলায় তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে এর আগেও সাইবার নিরাপত্তা আইনসহ একাধিক প্রতারণার মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, অভিযুক্ত আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস সহকারী পরিচয়ে দেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সরকারি চাকরিজীবীদের সঙ্গে যোগাযোগ করতেন। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপিতে পদায়ন ও দলীয় মনোনয়ন দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তিনি লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা আদায় করতেন তিনি।
এ ঘটনায় সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই প্রতার চক্রের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।