রাজধানীর মগবাজার এলাকায় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে ওই সময় গাড়িতে উপস্থিত না থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন এই জনপ্রিয় শিল্পী।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে ঘটা এই আকস্মিক হামলায় গাড়ির ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত ভেতরে কেউ ছিলেন না। ফলে আসিফ আকবর পুরোপুরি অক্ষত ও নিরাপদ রয়েছেন।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন শিল্পীর স্ত্রী বেগম সালমা আসিফ। স্বামীর সুরক্ষায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’
এদিকে চাঞ্চল্যকর এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর সংগীতাঙ্গন ও ক্রীড়া মহলে উদ্বেগ তৈরি হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে—তা উদ্ঘাটনে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি আসিফ আকবর।