রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ আগরওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে এই আদেশ দেন। সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২১ অক্টোবর এই মামলায় তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। সেই রিমান্ড শেষ হওয়ার পর আজ তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া নতুন করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২০ অক্টোবর চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং অর্থপাচারের (মানিলন্ডারিং) অভিযোগে করা এক মামলায় তাকে এক দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। পরে তাকে উত্তরা পশ্চিম থানার আব্দুল জব্বার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের পাশে অবস্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। ওই সময় আসামিদের ছোড়া একটি গুলি বাদী মো. আব্দুল জব্বারের কোমরের ওপরে ও মেরুদণ্ডের নিচে বিদ্ধ হয়। পরবর্তীতে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি থানায় এসে এই মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র্যাব তাকে গ্রেফতার করেছিল। পরবর্তী সময়ে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জামিন পাওয়ার পর তিনি ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান।