শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব উপকূলে আন্তর্জাতিক জলসীমায় অসুস্থ হওয়া ৪০ জন ইরানি নাবিককে উদ্ধার করে চিকিৎসা শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি সিনহালা এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো জানান, গত শনিবার ইরানি জাহাজগুলো থেকে জরুরি চিকিৎসার আবেদন পাওয়ার পর কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসের উদ্যোগে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। স্থানীয় শিপিং কোম্পানির সহায়তায় নাবিকদের তীরে এনে কলম্বোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং রাতেই তাদের বিমানে ইরানে পাঠানো হয়। তবে তারা ঠিক কতটি জাহাজে ছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌ অবরোধের ফলে ইরানি জাহাজগুলো সমুদ্রে আটকা পড়েছে। শ্রীলঙ্কা এই সংঘাতে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেও আন্তর্জাতিক আইন ও মানবিক বাধ্যবাধকতার অংশ হিসেবেই এই জরুরি চিকিৎসাসেবা দিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে গত মার্চে মার্কিন টর্পেডো হামলায় ডুবে যাওয়া ইরানি জাহাজ 'আইআরআইএস ডেনা'-এর বেঁচে যাওয়া নাবিকদেরও মানবিক কারণে সহায়তা দিয়েছিল শ্রীলঙ্কা।