প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলেও এর পাশাপাশি কিছু নিরাপত্তা চ্যালেঞ্জও তৈরি হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন সেমিনার-২৬ (International Flight Safety Seminar)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথ ব্যবস্থাপনায় এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
ফ্লাইট সেফটি বা উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, বর্তমান যুগে ফ্লাইট সেফটি আরও সুসংহত করতে উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার, যথাযথ প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব, আন্তঃসংস্থা সমন্বয় এবং দলগত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ব্যবস্থাকে যুগোপযোগী করতে প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বিত প্রয়োগের কোনো বিকল্প নেই।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের আন্তর্জাতিক সেমিনারগুলো বিভিন্ন দেশ ও সংস্থার মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা এবং সর্বোত্তম চর্চা (Best Practices) বিনিময়ের অনন্য সুযোগ সৃষ্টি করে, যা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে।
সেমিনারে ভবিষ্যৎ উপযোগী ফ্লাইট সেফটি সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, এবারের এই আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের বিমান বাহিনীর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।