লক্ষ্মীপুরের সদর উপজেলায় জাকির হোসেন জুয়েল নামের এক যুবককে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় মাদক ব্যবসার দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে।
রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তাকে হত্যা করা হয়। পরে রাত ১টার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জুয়েল পূর্ব নন্দনপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এলাকায় ইয়াবা বিক্রিসহ অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগেই তিনি একটি মাদক মামলায় জামিন পেয়েছিলেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, মাদক ব্যবসার বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।