প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে আইনি সুরক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা তাল মেলাতে পারছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিপফেক প্রযুক্তির নেতিবাচক দিক ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন।
আলোচনায় কৃতি বলেন, বাস্তব ছবি এবং এআই দিয়ে তৈরি কৃত্রিম ছবির মধ্যে পার্থক্য করা দিন দিন অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের জন্য আরও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে, যার জন্য কেউ এখনো পুরোপুরি প্রস্তুত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এই অভিনেত্রী অভিযোগ করেন, ইনস্টাগ্রামে কারও ছবি এআই দিয়ে বিকৃত বা তৈরি করে ছড়িয়ে দেওয়া হলে— তা সরাসরি রিপোর্ট করে সরানোর মতো পর্যাপ্ত ও নির্দিষ্ট কোনো ব্যবস্থা বা অপশন সেখানে নেই।
প্রযুক্তির প্রতি নিজের অবস্থান পরিষ্কার করে কৃতি জানান, তিনি প্রযুক্তি বা উদ্ভাবনের বিরোধী নন; তবে হাতিয়ার যত শক্তিশালী হয়, তার অপব্যবহারের ঝুঁকিও তত বাড়ে। তাই ব্যক্তিগত অধিকার রক্ষা ও অনলাইনে এআই-এর অপব্যবহার রোধ করতে দ্রুত কঠোর আইন প্রণয়ন এবং প্ল্যাটফর্মগুলোর নীতিমালা আরও যুগোপযোগী করা জরুরি বলে মনে করেন তিনি।