"হাত ধোবো নিয়মিত, সুস্থ থাকব নিশ্চিত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
আলোচনা সভায় বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দীন প্রমুখ। বক্তারা সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্য সুরক্ষায় এর সুফল তুলে ধরেন।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্টের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।