বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি চীনে জনসংখ্যার কাঠামোগত এক বড় পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো দেশটিতে কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর শিশুদের তুলনায় প্রবীণদের নির্ভরশীলতা বেশি দেখা গেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে কর্মক্ষম জনগোষ্ঠীর তুলনায় নির্ভরশীল প্রবীণদের অনুপাত দাঁড়িয়েছে ২৩ শতাংশে, যেখানে শিশুদের নির্ভরতার অনুপাত ছিল ২২ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত নগরায়ণ এবং চীনের দীর্ঘদিনের বিতর্কিত ‘এক সন্তান নীতি’ (যা ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কার্যকর ছিল) এই পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। নীতিটির কারণে তরুণ জনগোষ্ঠীর আকার উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে। পরবর্তী সময়ে জন্মহার বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হলেও জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং সামাজিক পরিবর্তনের কারণে জন্মহার বাড়ানো সম্ভব হয়নি। বর্তমানে চীনে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২২ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশ। বিপরীতে, ১৪ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ২১ কোটি ৩০ লাখ।