২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের শাসকদল বিজেপির জন্য বড় ধরনের রাজনৈতিক অস্বস্তির খবর সামনে এসেছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় আসন বারাণসীতে বিধান পরিষদ (এমএলসি) নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। শিক্ষক আসনে বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)।
বুধবার (২৮ অক্টোবর) উত্তরপ্রদেশের ১১টি শিক্ষক ও স্নাতক আসনের ভোটগণনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বারাণসীর শিক্ষক আসনে সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারী যাদব ১০ হাজার ৯৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিজেপি প্রার্থী প্রমোদ মিশ্র পেয়েছেন মাত্র ৬ হাজার ৬০ ভোট। এছাড়া বারাণসীর স্নাতক আসনেও সমাজবাদী পার্টির প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
বারাণসীতে ভরাডুবি হলেও উত্তরপ্রদেশের অন্য বেশ কয়েকটি আসনে নিজেদের আধিপত্য ধরে রাখতে পেরেছে পদ্মশিবির। লখনউয়ের শিক্ষক আসনে জয় পেয়েছেন বিজেপির উমেশ দ্বিবেদী। পাশাপাশি মেরঠের শিক্ষক ও স্নাতক আসন এবং বরেলি-মোরাদাবাদ শিক্ষক আসনেও জয় পেয়েছে শাসকদল।
শিক্ষক ও স্নাতক কোটার এই নির্বাচনকে সরাসরি বিধানসভা নির্বাচনের মাপকাঠি না মানলেও, রাজনৈতিক বিশ্লেষকরা এর গুরুত্বকে ছোট করে দেখছেন না। বিশেষ করে প্রধানমন্ত্রী মোদির নিজের কেন্দ্রেই বিজেপির এই পরাজয় বিরোধীদের হাতে নতুন রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে। ২০২৭ সালের বিধানসভা ভোটের আগে এই ফল সমাজবাদী শিবিরের মনোবল বহুলাংশে বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বর্তমানে বাকি আসনগুলোর চূড়ান্ত ফলাফল ও সামগ্রিক রাজনৈতিক গতিপ্রকৃতির দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।