মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বাজার মধ্যেই ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কিংবা তার মিত্রদের ওপর ন্যূনতম কোনো হামলা চালানো হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এক্ষেত্রে প্রচলিত কোনো ভৌগোলিক সীমানা বা যুদ্ধরীতির তোয়াক্কা করবে না ইরানি বাহিনী।
সম্প্রতি মোজতবা খামেনির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিশেষ বার্তায় দেশটির সশস্ত্র বাহিনীকে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, শত্রুপক্ষ নতুন কোনো সামরিক বা সন্ত্রাসী দুঃসাহস দেখালে সেই সংঘাতের পরিণতি এবং পরিসমাপ্তি কেমন হবে, তা নির্ধারণ করবে একমাত্র তেহরান।
পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলার শঙ্কা তৈরি করে এই নির্দেশনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব ধরনের স্থাবর, অস্থাবর এবং সামরিক স্থাপনাকে নতুন টার্গেট তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এর ফলে সম্ভাব্য নতুন কোনো সংঘাতে যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্বের যেকোনো প্রান্তে ছড়িয়ে থাকা মার্কিন ও ইসরাইলি স্বার্থ সরাসরি ইরানি বাহিনীর নিশানায় পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।