রাজধানী ঢাকাকে একটি জনবান্ধব ও শৃঙ্খলিত পরিবহনব্যবস্থার আওতায় আনতে বাস রুট রেশনালাইজেশনের পাইলটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, আগে ঢাকায় ৯৮টি রুটে বাস চলাচল করলেও তা কমিয়ে বর্তমানে ৩২টিতে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে আজ থেকে ৭টি রুটে (৬টি সাধারণ রুট ও ১টি চক্রাকার রুট) পাইলটিং কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে বাকি রুটগুলোতেও এই সেবা চালু করা হবে।
পরিবহনব্যবস্থাকে সহজ ও যাত্রীবান্ধব করতে ৩২টি রুটের বাসের জন্য ৩২ ধরনের আলাদা রং নির্ধারণ করা হয়েছে। তবে স্বল্প সময়ের কারণে আজ চালুকৃত ৭টি রুটের বাসে এখনো রং করা সম্ভব হয়নি, যা খুব দ্রুত সম্পন্ন করা হবে। নতুন এই ব্যবস্থায় যাত্রীরা শুধু বাসের রং দেখেই বুঝতে পারবেন সেটি কোন রুটের গাড়ি। পাশাপাশি বাসের সামনে ও পেছনে রুট নম্বর এবং সামনের ডিজিটাল ডিসপ্লের মাধ্যমেও যাত্রীরা সহজেই গন্তব্য সম্পর্কে জানতে পারবেন।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
মো. আনিসুর রহমান, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগ।
মো. হাবীবুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মীর আহমেদ তারিকুল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
এম এ বাতেন ও সাইফুল ইসলাম, যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
সংশ্লিষ্টদের আশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই রেশনালাইজেশন প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে ঢাকাবাসী খুব দ্রুতই একটি আধুনিক, পরিকল্পিত ও বিশ্বমানের গণপরিবহন সেবা পাবে।