জাপানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৫ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার ভোরে দেশটির ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে এ কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) দেয়া তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে। জাপানের নিজস্ব ৭ মাত্রার ভূমিকম্প তীব্রতা স্কেলে ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা ও রাজধানী টোকিওর কিছু অংশে ৫-এর কম তীব্রতা রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা ঘটেছে সাইতামা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে। আহতদের মধ্যে সাইতামায় এক তরুণ ও সত্তোরোর্ধ্ব এক নারী রয়েছেন। এছাড়া কানাগাওয়ায় ৯ জন এবং চিবায় ৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
কম্পনের কারণে দেশটির যোগাযোগ ব্যবস্থা কিছুটা ব্যাহত হয়। কয়েকটি রুট ট্রেন চলাচল বিলম্বিত হওয়ার পাশাপাশি গতি কমিয়ে ট্রেন চালানো হয়। তোবু রেলওয়ের কয়েকটি এক্সপ্রেস ট্রেন সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
তবে স্বস্তির খবর হচ্ছে, ইবারাকির তোকাই-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ক্ষয়ক্ষতি সনাক্ত হয়নি।
ঘটনার পরপরই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সাধারণ মানুষকে তাৎক্ষণিক সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, আগামী এক সপ্তাহ—বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন একই ধরনের তীব্রতার আফটারশক বা ভূমিকম্প হতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ও মধ্য জাপানসহ দেশের বিস্তৃত অঞ্চলে এই কম্পন অনুভূত হয়।
