Category: প্রযুক্তি

  • রাজস্ব ফাঁকি ও অপরাধ রোধে ফিরছে এনইআইআর: সচল হবে স্বয়ংক্রিয় নিবন্ধন

    রাজস্ব ফাঁকি ও অপরাধ রোধে ফিরছে এনইআইআর: সচল হবে স্বয়ংক্রিয় নিবন্ধন

    অবৈধ মোবাইল ফোনের দৌরাত্ম্য, চোরাচালান এবং রাজস্ব ফাঁকি রোধে জাতীয় যন্ত্রপাতি শনাক্তকরণ নিবন্ধন ব্যবস্থা (NEIR) পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই ধাপে এই কার্যক্রম শুরু হবে।

    জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) তথ্য অনুযায়ী, অবৈধ ও অননুমোদিত হ্যান্ডসেটের কারণে প্রতি বছর প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এই ক্ষতি রোধ এবং টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে এনইআইআর পূর্ণাঙ্গভাবে চালুর তাগিদ দিয়ে আসছিল বিভিন্ন সরকারি সংস্থা।

    প্রথম ধাপ: মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে বর্তমানে সচল থাকা হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। একই সঙ্গে দেশীয় উৎপাদক ও অনুমোদিত আমদানিকারকদের অবিক্রীত ফোনের আইএমইআই (IMEI) নম্বরগুলোও এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। তবে এই পর্যায়ে তাৎক্ষণিকভাবে কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না।

  • বিদায় নিচ্ছে ফেসবুকের ‘রিচ’ পদ্ধতি, আসছে ‘ভিউয়ারস’ মেট্রিক

    বিদায় নিচ্ছে ফেসবুকের ‘রিচ’ পদ্ধতি, আসছে ‘ভিউয়ারস’ মেট্রিক

    ফেসবুকের কনটেন্ট পরিমাপের নিয়মে আসছে বড় ধরনের পরিবর্তন। জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি তাদের প্রথাগত ‘রিচ’ (Reach) পদ্ধতি তুলে দিয়ে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ (Viewers) নামের নতুন মেট্রিক বা সূচক চালু করতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই পরিবর্তনের ফলে কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নে নতুন মাত্রা যোগ হবে।

    এতদিন কোনো কনটেন্ট নির্দিষ্ট সময়ে কতগুলো আলাদা অ্যাকাউন্টের সামনে বা ফিডে আসছে, তার হিসাব রাখত ‘রিচ’ মেট্রিক। আগামী ৩১ অক্টোবর থেকে এই সুবিধাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

    প্রথাগত এই পদ্ধতির বদলে এখন থেকে কনটেন্টের আসল দর্শক সংখ্যা বা উপস্থিতি নির্ধারণে ‘ভিউয়ারস’কে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হবে। ছবি, ভিডিও এবং রিলস—সব ধরনের কনটেন্টের মান যাচাইয়ে ব্যবহারকারীরা এটি কাজে লাগাতে পারবেন।

    এই পরিবর্তনে সরাসরি প্রভাব পড়বে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যম, বাণিজ্যিক ফেসবুক পেজ, স্বাধীন কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল বিপণন পেশাজীবীদের ওপর। পেজ ব্যবস্থাপনা ও প্রচারণার কৌশল নতুন এই নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে।

    পুরনো রিপোর্টের সঙ্গে নতুন পরিসংখ্যানের সরাসরি তুলনা করা কিছুটা জটিল হতে পারে। তাই ফেসবুক পেজ পরিচালকদের জন্য পুরনো প্রতিবেদন সংরক্ষণ করা এবং নতুন হিসাবপদ্ধতি ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।

  • এআইয়ের লাগাম না টানলে ৬ থেকে ১২ মাসে সাইবার বিপর্যয়ের আশঙ্কা: অ্যানথ্রপিক সিইওর হুঁশিয়ারি

    এআইয়ের লাগাম না টানলে ৬ থেকে ১২ মাসে সাইবার বিপর্যয়ের আশঙ্কা: অ্যানথ্রপিক সিইওর হুঁশিয়ারি

    কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি যেভাবে আশঙ্কাজনক গতিতে এগোচ্ছে, তাতে দ্রুত নিরাপত্তাবেষ্টনী মজবুত করার তাগিদ দিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডারিও আমোদেই। তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন, প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে এআই বিকাশের গতি কিছুটা শ্লথ করা এখন সময়ের দাবি।

    আমোদেই গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, এআই উন্নয়নের লাগাম এখনই না টানলে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেই স্বয়ংক্রিয় এআই এজেন্টের দল ইন্টারনেটের বিশাল অংশের দখল নিয়ে বড় ধরনের সাইবার বিপর্যয় ঘটাতে পারে।

    সম্প্রতি অ্যানথ্রপিকের তৈরি এআই মডেলের সক্ষমতা নিয়ে বাইরের বিভিন্ন সাইবার নিরাপত্তামূলক পরীক্ষায় কিছু উদ্বেগজনক চিত্র সামনে এসেছে, যেখানে এআইকে ক্ষতিকর আক্রমণের উদ্দেশ্যে ব্যবহার করার মতো প্রবণতা দেখা গেছে। অ্যানথ্রপিক আগেই সতর্ক করেছিল যে, এআই এজেন্টের সক্ষমতা যত বাড়ছে, সম্ভাব্য ক্ষতির ঝুঁকিও তত বিস্তৃত হচ্ছে।

    উদ্ভুত এ ঝুঁকি মোকাবিলায় তিন দফা প্রস্তাব পেশ করেছেন আমোদেই:

    • স্বাধীন পর্যবেক্ষণ: এআই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা যাচাইয়ে নিরপেক্ষ তৃতীয় পক্ষের নজরদারি।

    • সার্বজনীন নিরাপত্তা মান: সব প্রতিষ্ঠানের জন্য অভিন্ন নিরাপত্তা নীতিমালা বাস্তবায়ন।

    • আন্তর্জাতিক সহযোগিতা: সরকারি পর্যায়ে বৈশ্বিক ঐক্য এবং প্রয়োজনে কর্তৃত্ববাদী সরকারগুলোর সঙ্গে সমন্বিত পদক্ষেপ।

    তিনি মনে করেন, একটি বড় বিপর্যয় এড়াতে এবং মানুষের নিয়ন্ত্রণে এআইকে রাখতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য অতিরিক্ত ১ থেকে ২ বছর সময় প্রয়োজন।

    অ্যানথ্রপিক প্রধানের এই উদ্বেগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এআই খাতের অন্যান্য শীর্ষ ব্যক্তিরাও। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানও এআই নিরাপত্তার বিষয়টিকে জরুরি বলে স্বীকার করেছেন। এই ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টি মাথায় রেখে ওপেনএআই ২০২৬ সালে তাদের শেয়ারবাজারে আসার (আইপিও) পূর্বপরিকল্পনা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

  • রোবটও চাইছে টিপস! কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে

    রোবটও চাইছে টিপস! কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে

    রোবট যখন মানুষের কাজ করছে, তখন কি তাকে টিপসও দিতে হবে? যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেস্তোরাঁ, কফিশপ ও স্বয়ংক্রিয় সেবাকেন্দ্রে এমন প্রশ্নই এখন সামনে আসছে। ডিজিটাল স্ক্রিনে রোবট যখন টিপস চাওয়ার অপশন দেখাচ্ছে, তখন গ্রাহকদের অনেকেই বুঝতে পারছেন না; এই অর্থ আসলে যাচ্ছে কার কাছে?
    বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, লাস ভেগাসের ভেনেশিয়ান হোটেলের ‘দ্য টিপসি রোবট’ বারে দুটি রোবটিক হাত স্বয়ংক্রিয়ভাবে ককটেল তৈরি করে। একটি মার্গারিটা পানীয়ের দাম ১৭ ডলার হলেও এর সঙ্গে যোগ হয় ১০ শতাংশ ‘সার্ভিস ফি’। অর্থাৎ, রোবটের সেবা নিয়েও গ্রাহকের কাছে টিপস চাওয়া হচ্ছে।

    একই অভিজ্ঞতা হয়েছে নিউইয়র্কের ‘আর্টলি কফি’তে। সেখানে রোবট বারিস্তাও টিপস চেয়েছে। নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কর্মীহীন সেলফ-চেকআউট মেশিন পানির বোতল কেনার সময়ও টিপস দেওয়ার পরামর্শ দিয়েছে। আবার ওরেগনের পোর্টল্যান্ডের ‘টপ বার্মিজ’ রেস্তোরাঁয় অর্ডার নিয়েছেন মানুষ, কিন্তু খাবার পৌঁছে দিয়েছে রোবট।

    মানবকর্মীর ভালো সেবার জন্য টিপস দেওয়া স্বাভাবিক হলেও রোবটের ক্ষেত্রে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে দ্বিধা। সবচেয়ে বড় প্রশ্ন—রোবটকে দেওয়া টিপসের টাকা কে পাচ্ছে?
    দ্য টিপসি রোবট’ ও ‘আর্টলি কফি’র পক্ষ থেকে বলা হয়েছে, টিপসের পুরো অর্থ মানবকর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো এর কোনো অংশ নেয় না। গ্রাহকদের অভিযোগের পর আর্টলি কফি টিপস দেওয়ার স্বয়ংক্রিয় অপশনও বন্ধ করেছে।

    বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
    তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সব প্রতিষ্ঠানে একই নিয়ম নাও থাকতে পারে। লেহাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোলোনা ওকস বলেন, কিছু অসাধু নিয়োগকর্তা রোবটের মাধ্যমে পাওয়া টিপস নিজেদের কাছে রেখে দিতে পারেন। কারণ রোবটকে দেওয়া টিপসের মালিকানা নিয়ে এখনো স্পষ্ট আইনি কাঠামো নেই।

    মহামারির পর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তারের সঙ্গে টিপস চাওয়ার প্রবণতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রে টিপসনির্ভর কর্মীদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ২ দশমিক ১৩ ডলার, যেখানে সাধারণ ন্যূনতম মজুরি ৭ দশমিক ২৫ ডলার।

    তবে রোবট সবসময় মানুষের চাকরির জন্য হুমকি—এমনটা মনে করেন না বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে রোবট নতুন ধরনের সেবা ও কর্মসংস্থানের সুযোগও তৈরি করছে। মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাটেরিনা বেরেজিনার মতে, টিপস বা সার্ভিস ফি রোবটের রক্ষণাবেক্ষণ, শ্রম ও প্রযুক্তিগত খরচ মেটাতেও ব্যবহৃত হতে পারে।

    গবেষণায় দেখা গেছে, মাত্র ১১ শতাংশ মানুষ রোবট বারটেন্ডারকে টিপস দিতে আগ্রহী। তবে টিপসের অর্থ মানবকর্মীরা পাবেন জানানো হলে প্রায় ৪২ শতাংশ মানুষ মত পরিবর্তন করেন।

    বিশেষজ্ঞদের মতে, শেষ পর্যন্ত রোবটকে টিপস দেওয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রাহকরাই। মানুষ যদি এই প্রবণতা প্রত্যাখ্যান করে, তাহলে ব্যবসায়ীরাও হয়তো একসময় রোবটের ‘ডিজিটাল হাত’ থেকে টিপস চাওয়ার ব্যবস্থা সরিয়ে নিতে বাধ্য হবেন।