Blog

  • এ বছরই চালু হচ্ছে দেশের পাঁচ শিশু হাসপাতাল: রামেক হাসপাতালে আইসিইউসহ শয্যা বাড়ানোর ঘোষণা

    এ বছরই চালু হচ্ছে দেশের পাঁচ শিশু হাসপাতাল: রামেক হাসপাতালে আইসিইউসহ শয্যা বাড়ানোর ঘোষণা

    নির্মাণকাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে জনবল ও যন্ত্রপাতির অভাবে বন্ধ থাকা দেশের পাঁচটি শিশু হাসপাতাল চলতি বছরের শেষ নাগাদ চালু হতে যাচ্ছে। নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে একযোগে এসব হাসপাতাল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

    শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    ডা. জিয়াউদ্দিন হায়দার জানান, সারা দেশে ২০০ শয্যার মোট পাঁচটি শিশু হাসপাতাল নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে এসব হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টি এবং যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

    রামেক হাসপাতালে জনবল ও অবকাঠামোগত সংকটের চিত্র
    পরিদর্শনকালে রামেক হাসপাতালের নানা সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ২০১৩ সালে হাসপাতালটিকে ৫৫০ শয্যা থেকে ১ হাজার ২০০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুযায়ী জনবল বা অবকাঠামো বাড়েনি। ফলে আজও হাসপাতালটি ৫৫০ শয্যার সক্ষমতা নিয়েই ধুঁকছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার কেবল লোকদেখানো ও ধোঁকাবাজির উদ্দেশ্যে শয্যা বাড়ানোর ঘোষণা দিয়েছিল।

    তবে বর্তমান সরকার এটিকে শুধু ১ হাজার ২০০ সাধারণ শয্যাতেই সীমাবদ্ধ রাখছে না, বরং এর পাশাপাশি ১০০ শয্যার আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া রামেকসহ দেশের আরও সাতটি পুরোনো মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর কাজ এ বছরের শেষ দিকেই শুরু হবে বলে জানান তিনি।

    অ্যান্টিভেনম সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ
    পদ্মা নদীবেষ্টিত রাজশাহী অঞ্চলে সাপের উপদ্রব ও সাপে কাটা রোগীর সংখ্যা বেশি উল্লেখ করে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, অনেক সময় হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। তবে খুব অল্প সময়ের মধ্যেই এখানে প্রয়োজনীয় অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করা হবে।

    এ সময় রামেক হাসপাতালের আইসিইউ ভবনের লিফট সরবরাহে ঠিকাদারি প্রতিষ্ঠানের জালিয়াতির বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলাম জানান, ২০২৩ সালের ওই ঘটনার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকসহ হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন চিকিৎসকেরা।

  • কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ১, জব্দ ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য

    কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ১, জব্দ ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য

    সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা পণ্যের মোট বাজারমূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।

    শনিবার (৩১ অক্টোবর) ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সার্বিক নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

    সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান চিরতরে দমনে বিজিবির এমন কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

  • গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

    গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

    ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছে।

    আজ শনিবার (৩১ অক্টোবর) কাশিয়ানী উপজেলার চর-পিংগুলিয়া এলাকায় পোনা ও এনার্জি পাম্পের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে খুলনাগামী ঝিনাইদহ- ট-১১-১৯৪৩ একটি ট্রাক একই দিকে চলাচলকারী কুষ্টিয়া-ট-১১-২৮৪০ ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি রাস্তার খাদে পড়ে যায়।

    এ দুর্ঘটনায় পেছনে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত চালক জিয়াউর রহমান(২২), চুয়াডাঙ্গা সদর থানার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

    দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • গোপালগঞ্জ কলেজে চুরির অভিযোগে পদ হারালেন ছাত্রদলের সভাপতি

    গোপালগঞ্জ কলেজে চুরির অভিযোগে পদ হারালেন ছাত্রদলের সভাপতি

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল কোন অন্যায় কাজ সমর্থন করে না। তার বিরুদ্ধে চুরি সহ আরো অনেক বিষয়ে অভিযোগ ছিলো। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    এর আগে, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান ও জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

    এ ঘটনায় পরদিন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বাদী হয়ে সাহেদ সহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরদিন ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

    পরে বাদী-বিবাদীর সমঝোতার মাধ্যমে থানায় মুচলেকা দিয়ে মুক্ত হয় কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ।

    এরপর ৩০ অক্টোবর রাতে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

  • তৃণমূল থেকে বিকেএসপি ও ৪৬০০ মাঠ তৈরির বড় পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    তৃণমূল থেকে বিকেএসপি ও ৪৬০০ মাঠ তৈরির বড় পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    দেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আনতে বহুমুখী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। খেলাধুলার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

    শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ক্রীড়া খাতের ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন তিনি।

    প্রতিমন্ত্রীর বক্তব্যের চুম্বক অংশগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো:
    খেলার মাঠে নতুন বিপ্লব: আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খাসজমি সংস্কার করে স্থানীয় যুবসমাজ ও যুব নারীদের জন্য এসব মাঠ উন্মুক্ত করা হবে।

    বিকেএসপিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ: ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন থেকে মেধাবী ৪০ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। তাদের স্থায়ীভাবে বিকেএসপিতে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে।

    প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণা: আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে অনলাইনে একযোগে সারা দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

    আধুনিক স্টেডিয়াম ও ইনডোর ফ্যাসিলিটিজ: দেশের আট বিভাগের স্টেডিয়ামে আধুনিকায়ন, ইনডোর ফ্যাসিলিটিজ ও সুইমিংপুল স্থাপনের জন্য এরই মধ্যে প্রকল্প প্রস্তাবনা তৈরি করে কাজ শুরু হয়েছে।

    ক্রীড়াঙ্গনে জিরো টলারেন্স নীতি: ক্রীড়া সংস্থাসমূহ ও বিসিবিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের একাধিক কমিটি গঠন করা হয়েছে। দুদকের পাশাপাশি প্রতিটি সংস্থাকে জবাবদিহিতার আওতায় এনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    বছরব্যাপী ১৫টি ইভেন্টের ক্যালেন্ডার: আগামী বছরের জানুয়ারি থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টনসহ ১৫টি ইভেন্ট নিয়ে বছরব্যাপী বয়সভিত্তিক ও সিনিয়র ক্রীড়া প্রতিযোগিতার ক্যালেন্ডার বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

    পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সফলভাবে সনদপত্র বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে শুরু হওয়া এই আন্দোলনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের দিকে ‘ইন্টারস্টপ কারখানার’ শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন ও বিভিন্ন ভাতার দাবিতে কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও এই বিক্ষোভে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিকাংশ কারখানার ছুটি ঘোষণা করে।

    বিকেল ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, হাজার হাজার শ্রমিক লাঠি হাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

    পরিস্থিতি সম্পর্কে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার পাশাপাশি মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

  • বরিশাল বোর্ডে এইচএসসিতে বড় পতন: পাসের হার ৪৪.৮৪%, শীর্ষে পিরোজপুর

    বরিশাল বোর্ডে এইচএসসিতে বড় পতন: পাসের হার ৪৪.৮৪%, শীর্ষে পিরোজপুর

    বরিশাল শিক্ষা বোর্ডে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিপর্যয় দেখা গেছে। গত বছরের তুলনায় এ বছর পাসের হার এবং জিপিএ-৫—উভয় সূচকেই বড় ধরনের পতন হয়েছে। এ বছর বোর্ডে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৪.৮৪ শতাংশ, যা গত বছর ছিল ৬২.৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭.৭৩ শতাংশ।

    শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

    ফলাফল একনজরে:
    মোট পরীক্ষার্থী: ৫৭,৯১২ জন (ছাত্র ২৬,৭৫৫ জন এবং ছাত্রী ৩১,১৫৭ জন)

    পাস করেছেন: ২৫,৯৭০ জন

    সার্বিক পাসের হার: ৪৪.৮৪% (গত বছর ছিল ৬২৫৭%)

    জিপিএ-৫ প্রাপ্তি: ৯৫০ জন (গত বছর ছিল ১,৬৭৪ জন)

    বিভাগভিত্তিক ফলাফল:
    বিজ্ঞান বিভাগ: ১১,৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬,৭৭৫ জন। পাসের হার ৫৬.৭৮% এবং জিপিএ-৫ পেয়েছেন ৪৩৫ জন।

    মানবিক বিভাগ: ৪০,৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৬,৯৮৩ জন। পাসের হার ৪১.৯৫% এবং জিপিএ-৫ পেয়েছেন ৪৬১ জন।

    ব্যবসায় শিক্ষা বিভাগ: ৫,৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২,২১২ জন। পাসের হার ৪০.২৮% এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন।

    ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা:
    এবারের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।

    ছাত্রী: ৩২,৪৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৬,৫০৫ জন। পাসের হার ৫২.৯৭% এবং জিপিএ-৫ পেয়েছেন ৬০৭ জন।

    ছাত্র: ২৮,১৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯,৪৬৫ জন। পাসের হার ৩৫.৩৮% এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৪৩ জন।

    জেলাভিত্তিক অবস্থান: পাসের শীর্ষে পিরোজপুর, তলানিতে ঝালকাঠি
    বরিশাল বোর্ডের অধীন ছয়টি জেলার মধ্যে ফলাফলের দিক থেকে শীর্ষে রয়েছে পিরোজপুর এবং সবচেয়ে পেছনের সারিতে রয়েছে ঝালকাঠি জেলা। জেলাগুলোর পাসের হার নিচে দেওয়া হলো:

    পিরোজপুর: ৫১.৫৫%

    বরিশাল: ৪৯.৯৫%

    বরগুনা: ৪৪.৬৬%

    ভোলা: ৩৯.৫৪%

    পটুয়াখালী: ৩৮.৫১%

    ঝালকাঠি: ৩৭.০৯%

    এ বছর বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাসের এই তালিকায় রয়েছে—বরগুনার ২টি, ভোলার ৩টি, পটুয়াখালীর ৩টি, পিরোজপুরের ২টি এবং ঝালকাঠির ১টি প্রতিষ্ঠান। এর বিপরীতে মাত্র ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

    ফলাফল বিপর্যয়ের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, শিক্ষার্থীদের অতিরিক্ত ডিভাইস আসক্তি, শ্রেণিকক্ষে উদাসীনতা, কোচিংনির্ভরতা এবং পড়াশোনার প্রতি আগ্রহ কমার কারণে এই পাসের হার কমেছে। তবে তিনি দাবি করেন, যথাযথ মূল্যায়ন ও পর্যালোচনার মাধ্যমেই এই ফলাফল প্রকাশিত হয়েছে, যা শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন।

    অন্যদিকে, হঠাৎ প্রশ্নের ধরন পরিবর্তন এবং শিক্ষাব্যবস্থায় কড়াকড়ির কারণে আশানুরূপ ফল হয়নি বলে হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাবিয়া জানান, পুরোনো প্রশ্নপদ্ধতির সঙ্গে এবারের পরীক্ষার হুট করে আসা পরিবর্তনের মিল না পাওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েন।

    শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিস্থিতি উত্তরণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় বাড়িয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।

  • বিএমডিএতে রাজশাহী সার্কেলের অতিরিক্ত দায়িত্ব নিয়ে আলোচনা: জ্যেষ্ঠতা বনাম প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন

    বিএমডিএতে রাজশাহী সার্কেলের অতিরিক্ত দায়িত্ব নিয়ে আলোচনা: জ্যেষ্ঠতা বনাম প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন

    বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে সংস্থায় নতুন করে আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। জ্যেষ্ঠতা লঙ্ঘন, পদমর্যাদা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি অংশ। তবে অভিযুক্ত কর্মকর্তার দাবি, নিয়মনীতি মেনেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে বিএমডিএর পক্ষ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। ওই আদেশের স্মারক নম্বর ১২.০৮.–২২.৬৪০৯। এতে বলা হয়, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সমসের আলী গত ৮ অক্টোবর অবসরজনিত ছুটিতে যাওয়ার কারণে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে পরিকল্পনা শাখায় কর্মরত নির্বাহী প্রকৌশলী মো. তরিকুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে।

    এই সিদ্ধান্তের পর থেকেই সংস্থায় শুরু হয়েছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে—একটি গুরুত্বপূর্ণ সার্কেলের দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে প্রচলিত জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কি না।

    অভিযোগকারীদের দাবি, বিএমডিএতে মো. তরিকুল ইসলামের চেয়েও জ্যেষ্ঠ ও অভিজ্ঞ একাধিক নির্বাহী প্রকৌশলী কর্মরত আছেন। গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁদের যোগ্যতা বা জ্যেষ্ঠতার তালিকা কতটা আমলে নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

    এছাড়া ওয়েবসাইটের তথ্যানুযায়ী এর আগে মো. তরিকুল ইসলামের পদবি ‘নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব)’ হিসেবে উল্লেখ থাকায়, তাঁর বর্তমান পদমর্যাদা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মতো বড় পদের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার প্রশাসনিক ভিত্তি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। পাশাপাশি, একটি বিশেষ পেশাজীবী সংগঠনের তালিকায় তাঁর নাম থাকার বিষয়টি নিয়েও নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

    অভিযুক্ত কর্মকর্তার প্রতিক্রিয়া: সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মো. তরিকুল ইসলাম দাবি করেছেন, কর্তৃপক্ষ সমস্ত নিয়মনীতি ও বিধিবিধান অনুসরণ করেই তাঁকে এই অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে তিনি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

    নির্বাহী পরিচালকের অবস্থান: পুরো বিষয়টি নিয়ে বিএমডিএর নির্বাহী পরিচালক (গ্রেড-২) মো. জাহাঙ্গীর আলম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মন্তব্য করতে রাজি হননি।

    প্রশাসনিক প্রয়োজনে অনেক সময় জ্যেষ্ঠতা শিথিল করে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিধান থাকলেও, এ ধরনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখতে দাপ্তরিক নথিপত্র ও সঠিক বিধিমালার ব্যাখ্যা উপস্থাপন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্ভরযোগ্য তথ্য, হালনাগাদ জ্যেষ্ঠতার তালিকা এবং কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত এ নিয়ে বিতর্ক ও আলোচনা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • শাহজালাল বিমানবন্দরে পদ্মা অয়েলের এভিয়েশন বিভাগে তেল চুরির সিন্ডিকেট: ২১ বছর ধরে একই পদে হামিদুল্লাহ সাদেক!

    শাহজালাল বিমানবন্দরে পদ্মা অয়েলের এভিয়েশন বিভাগে তেল চুরির সিন্ডিকেট: ২১ বছর ধরে একই পদে হামিদুল্লাহ সাদেক!

    বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ প্রতিষ্ঠান ‘পদ্মা অয়েল পিএলসি’-র এভিয়েশন বিভাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক একটি শক্তিশালী অনিয়ম, দুর্নীতি ও তেল চুরির সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ দুই যুগ ধরে চলা এই সিন্ডিকেটের মূল নেতৃত্বে রয়েছেন এভিয়েশন বিভাগের ম্যানেজার মো. হামিদুল্লাহ সাদেক এবং পদ্মা অয়েলের ঢাকা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এম এম মজিবুর রহমান।

    অনুসন্ধানে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর পর কর্মকর্তাদের বদলির বাধ্যবাধকতা থাকলেও, মো. হামিদুল্লাহ সাদেক ২০০৫ সালের ১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দরে যোগদানের পর থেকে দীর্ঘ ২১ বছর ধরে একই স্থানে বহাল তবিয়তে আছেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব এবং তৎকালীন এক প্রভাবশালী মন্ত্রী ও ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমানকে ব্যবহার করে তিনি এই দুর্ভেদ্য সিন্ডিকেট গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।

    অভিযোগ রয়েছে, অসাধু ট্যাংকলরি চালকদের সাথে যোগসাজশ করে প্রতি মাসে কোটি কোটি টাকার জেট এ-১ (উড়োজাহাজের জ্বালানি) চুরি করছেন হামিদুল্লাহ সাদেক। ইতিপূর্বে ৭২ হাজার লিটার জেট এ-১ ফুয়েল চুরির চাঞ্চল্যকর ঘটনার সময় ডিজিএম (এভিয়েশন) পদে দায়িত্বরত ছিলেন এম এম মজিবুর রহমান। একাধিক গোয়েন্দা রিপোর্ট এবং গ্রেফতারকৃতদের জবানবন্দিতে তেল চুরিতে তার সরাসরি মদদের প্রমাণ মিলেছিল। তবে শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে ‘অদৃশ্য’ কারণে তাকে ঢাকা অঞ্চলের ডিজিএম হিসেবে বদলি করে পুরস্কৃত করা হয়।

    পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তন হলেও বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে ম্যানেজ এবং বিপিসি ও মন্ত্রণালয়ে তদবির চালিয়ে সাদেকের ঢাকার বাইরের বদলি আটকে দেন মজিবুর রহমান। এমনকি সম্প্রতি বদলি ঠেকাতে শাহজালাল বিমানবন্দর অফিসের ভেতরেই এক সেকশন থেকে অন্য সেকশনে তাদের দায়িত্ব অদলবদল করা হয়েছে।

    ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ এয়ারলাইন্সে জ্বালানি সরবরাহ করে থাকে পদ্মা অয়েল। কিন্তু এভিয়েশন বিভাগের প্রয়োজনীয় রিফিউলিং হোস পাইপ, কাপলিং, গেইট ভালভ এবং ফিল্টার সরবরাহে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছেন সাদেকের ব্যবসায়িক অংশীদার আরিফ হোসাইন।

    এছাড়া, বিভিন্ন মামলার আসামি ও স্থানীয় ক্যাডার বাহিনীর সাথেও এই সিন্ডিকেটের যোগসাজশ রয়েছে। এই চক্রের অনিয়মের বিরুদ্ধে অতীতে যারা প্রতিবাদ করেছেন, তাদের চট্টগ্রাম, সিলেট বা কক্সবাজারে বদলি করে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এভিয়েশন বিভাগে সাদেকের একচ্ছত্র আধিপত্যের কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেন না। বর্তমান ডিজিএম (এভিয়েশন)-ও এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

    aviation খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার আগে যদি এই সিন্ডিকেট ভেঙে দক্ষ ও সৎ কর্মকর্তাদের পদায়ন করা না হয়, তবে আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি সরবরাহে মারাত্মক অচলাবস্থা তৈরি হতে পারে। এমনকি সরবরাহ ব্যবস্থা জিম্মি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তও চলছে বলে আশঙ্কা করা হচ্ছে।

    দ্রুততম সময়ের মধ্যে এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের সাধারণ কর্মকর্তা ও জ্বালানি বিশেষজ্ঞরা। অন্যথায় দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি নিরাপত্তা এবং পদ্মা অয়েলের ভাবমূর্তি চরম ঝুঁকির মুখে পড়বে।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা

    ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা

    ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনামূলক মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এমন মন্তব্য করেন।

    অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলতে গিয়ে ফজলুর রহমান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বা ভর্তি হওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি একে একটি ‘সিনিয়র মাদ্রাসা’ ও ‘অমানুষদের জায়গা’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে সেখানে শিক্ষকতা করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এই রাজনীতিবিদ।

    তবে বক্তব্যের অন্য একটি অংশে বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথাও স্মরণ করেন তিনি। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, মুজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, ড. নাজমা চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ুন আহমেদের মতো বরেণ্য ব্যক্তিত্বদের জন্ম দেওয়ার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

    পরে আবারও কড়া সমালোচনা করে ফজলুর রহমান বলেন, যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম ও নিজামীর ছবি টাঙানো হয় এবং তাদের জাতির নেতা হিসেবে প্রচার করা হয়, সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তার কোনো ইতিবাচক চিন্তা নেই।

    উল্লেখ্য, ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য। রাজনৈতিক জীবনে তিনি পূর্বে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।