বাংলাদেশের পাশে থাকার ঘোষণা এরদোয়ানের: যা যা সহযোগিতার আশ্বাস মিলল

তুরস্কের সব ধরনের সক্ষমতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ আয়োজিত ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদানের ফাঁকে (তুরস্কের আনতালিয়ায়) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এই উষ্ণ সম্পর্কের বার্তা দেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

অকৃত্রিম সহযোগিতার আশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে এরদোয়ান বলেন, আপনি বাংলাদেশের মানুষের নেতা এবং আমার মূল্যবান ভাই। বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতার পুরোটা কাজে লাগাতে আমি প্রস্তুত, শুধু প্রয়োজন অনুযায়ী আমাকে আহ্বান জানাবেন।

বিশেষ গুরুত্ব ও অনন্য সম্পর্ক: বহুপক্ষীয় এই সম্মেলনে সীমিতসংখ্যক বিশ্বনেতার সঙ্গেই দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এরদোয়ান। যার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও গুরুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতা: দুই দেশের প্রতিরক্ষা খাতের বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে অংশীদারত্ব গড়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

রোহিঙ্গা ইস্যু: বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের জন্য অর্থায়ন ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এটি কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *