উত্তর প্রদেশের লখনৌয়ে ব্যবসায়ী প্রেমিক শিবা শর্মাকে রহস্যজনকভাবে হত্যার অভিযোগে ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর শ্রদ্ধা দুবেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাগপুর থেকে উত্তর প্রদেশ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) ও নাগপুর পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
লখনৌর একটি ফ্ল্যাট থেকে রেস্তোরাঁর মালিক শিবা শর্মা নিচে পড়ে মারা যাওয়ার পর তার পরিবার শ্রদ্ধা দুবের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলে। নিহতের মায়ের দাবি, অভিযুক্ত শ্রদ্ধা ও তার বোন ব্ল্যাকমেইল করার মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
ঘটনার পর থেকেই পুলিশের চোখ ফাঁকি দিতে বারবার অবস্থান বদলাচ্ছিলেন শ্রদ্ধা। লখনৌ থেকে পালিয়ে তিনি নেপাল, রায়বেরেলি ও আগ্রা হয়ে নাগপুরে আশ্রয় নেন এবং সেখান থেকে আবারও পালানোর পরিকল্পনা করছিলেন। তাদের গ্রেপ্তার করতে সহায়তার জন্য প্রত্যেকের নামে ৫০ হাজার রুপি করে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। শেষ পর্যন্ত মঙ্গলবার যৌথ অভিযানের মাধ্যমে শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি দুবে এবং গাড়িচালক দানিশকে নাগপুর থেকে আটক করা হয়।
গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন শ্রদ্ধা। একটি ভিডিওতে তিনি দাবি করেন, শিবা শর্মা আত্মহত্যা করেছিলেন এবং মাত্র চার মাস পরিচয়ের সুবাদে এই ধরনের অভিযোগে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
বর্তমানে তিন অভিযুক্তকে আইনের আওতায় এনে পুরো ঘটনার অধিকতর তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply