কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের শত শত নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা এবং অভিবাসন বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সোক ভেসনার নির্দেশে তদন্ত ও পদ্ধতি বিভাগ এই বিশেষ বহিষ্কার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা ১০ দিনের এই অভিযানে ইন্দোনেশিয়া, চীন, বাংলাদেশ, ফিলিপাইন, নাইজেরিয়া, পাকিস্তান, ক্যামেরুন, জাপান, ঘানা, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উগান্ডা, ভারত, মায়ানমার, ফ্রান্স, লাইবেরিয়া, সুইজারল্যান্ড, উজবেকিস্তান এবং যুক্তরাষ্ট্রসহ মোট ২০টি দেশের নাগরিকদের বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে বিশেষ বিমানে ৯০ জন চীনা নাগরিক এবং টেকো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৩৫৫ জন ইন্দোনেশীয় নাগরিককে ফেরত পাঠানো হয়। বাকিদের অবৈধ সীমান্ত পারাপার, জাল কাগজপত্র তৈরি, পাসপোর্ট ছাড়া অবস্থান, অপহরণ ও চাঁদাবাজি, ভুয়া ভিসা বা কিউআর কোড ব্যবহার, মাদক কারবার এবং অবৈধ কর্মসংস্থানের মতো নানা অপরাধে আন্তর্জাতিক সীমান্ত তল্লাশি চৌকি দিয়ে বহিষ্কার করা হয়।
কম্বোডিয়াকে কোনোভাবেই অপরাধ বা অনলাইন স্ক্যামের নিরাপদ কেন্দ্র হতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত। জাতীয় নিরাপত্তা রক্ষা এবং দেশের ভাবমূর্তি বজায় রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে কঠোরভাবে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply