রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াসহ শারীরিক জটিলতায় আক্রান্ত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকার পিজি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় আনা হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অ্যাডভোকেট শফিকুল হক মিলন গণমাধ্যমকে জানান, কিছুদিন পূর্বে তিনি চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে চিকিৎসায় ব্যবহৃত কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে নিয়মিত রক্ত দিতে হচ্ছিল।
তিনি আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে অসুস্থ অবস্থাতেও ভূমিমন্ত্রী উপস্থিত থাকায় তার কিছুটা শারীরিক ধকল যায়। স্থানীয় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পর তাদের পরামর্শেই তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে হাসপাতালে ভর্তির পর থেকেই ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার এই দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে রাজশাহী এলাকাবাসী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ দোয়া ও শুভকামনা জানানোর আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।
উল্লেখ্য, গত বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনে ভর্তি করা হয়। সেখানে রক্তশূন্যতাজনিত সমস্যার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল।

Leave a Reply