মোবাইল অ্যাপে জোর করে ঋণ নিয়ে ছিনতাই! চেন্নাইয়ে ধরা পড়ল ৪ অপহরণকারী

টাকা নেই তো কী হয়েছে, মোবাইল অ্যাপ আছে না! অপহরণের পর অভিনব এক ফন্দি এঁটেছিল চেন্নাইয়ের চার যুবক। ২১ বছর বয়সী এক তরুণকে জিম্মি করে প্রথমে মারধর, এরপর মোবাইল অ্যাপে ঋণের আবেদন করিয়ে সেই টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের চেন্নাইয়ে।

বুধবার (২২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের পাল্লিকারানাই এলাকা থেকে অজয় (২১) নামের ওই তরুণকে জোর করে একটি অটোরিকশায় তুলে নেন চার অপহরণকারী। পকেটে নগদ বা ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই—অজয়ের এমন কথা শোনার পর শুরু হয় শারীরিক নির্যাতন। এরপর তাকে ছাড়ানোর জন্য নতুন এক ফাঁদ পাতেন তারা।

একটি মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাপের মাধ্যমে অজয়কে জোর করে ঋণের আবেদন করতে বাধ্য করা হয়। সুচতুর এই অপরাধীরা ঋণ অনুমোদন হওয়া মাত্রই তাকে নিয়ে সোজা চলে যান একটি এটিএম বুথে। সেখান থেকে ৯ হাজার ৫০০ রুপি তুলে নেওয়ার পাশাপাশি অজয়ের মোবাইল ফোনটিও কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পরই স্থানীয় থানায় গিয়ে সাহসের সঙ্গে পুরো বিষয়টি জানিয়ে মামলা করেন ভুক্তভোগী অজয়। পুলিশ দ্রুত তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চার অভিযুক্তকে শনাক্ত করে।

গ্রেফতার হওয়া চার অভিযুক্ত হলেন— সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) এবং সঞ্জয় (২১)। তাদের সবার বাড়িই চেন্নাইয়ে। অপহরণের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করার পর পুলিশ তাদের আদালতের মাধ্যমে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *