ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণ মোকাবিলায় সৌদি আরবের আকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে ঐতিহাসিক এক ত্রিমুখী সামরিক চুক্তিতে আবদ্ধ হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এই চুক্তির অনুমোদন নিতে ইতোমধ্যে দেশটির সংসদে প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক সরকার।
গত আগস্টে সৌদি আরবের মক্কা শহরে এই চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আঞ্চলিক এই তিন পরাশক্তির সহযোগিতা এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ১৬ অনুচ্ছেদবিশিষ্ট এই চুক্তিতে ন্যাটোর বিখ্যাত ‘আর্টিকেল ৫’-এর আদলে যৌথ সুরক্ষার শর্ত রাখা হয়েছে।
চুক্তি অনুযায়ী, সদস্য দেশগুলোর যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপরই আক্রমণ হিসেবে গণ্য হবে। তবে চুক্তির ধরন সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উল্লেখ করে আঙ্কারা ও ইসলামাবাদ স্পষ্ট করেছে যে, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো সেনা মোতায়েন করা হবে না এবং চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধেও নয়।
যৌথ সামরিক উপস্থিতি: সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী মোতায়েন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা।
প্রযুক্তি ও সহায়তা: ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সামরিক প্রযুক্তি স্থানান্তর, অস্ত্র উৎপাদন এবং গোয়েন্দা তথ্য বিনিময়।
প্রশিক্ষণ ও মহড়া: যৌথ সামরিক প্রশিক্ষণ ও নিয়মিত কর্মী বিনিময়।
দীর্ঘমেয়াদি অঙ্গীকার: চুক্তির একটি বিশেষ ধারায় বলা হয়েছে, স্বাক্ষরকারী দেশগুলো আগামী ১০ বছরের মধ্যে এই চুক্তি থেকে সরে আসতে পারবে না। এরপর বের হতে চাইলে তিন মাস পূর্বে নোটিশ দিতে হবে।
চলতি মাসের শুরুতে রিয়াদের এক জরুরি বৈঠকে এই তিন দেশ অবিলম্বে প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে একমত হয়। এর মাধ্যমে তেলসমৃদ্ধ সৌদি আরব, পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী তুরস্কের একীভূত হওয়া মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply