কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। আলোচিত এই বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মাত্র দেড় মিনিটে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেছেন তিনি।
গত বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
অনুষ্ঠানের প্রধান অতিথিকে বারবার ‘স্যার’ সম্বোধন করার পাশাপাশি ইউএনও তানজিলা তাসনিম বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রসঙ্গের অবতারণা করেন। এর মধ্যে রয়েছে—
সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা: রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব ও ভূমিসংক্রান্ত কাজের দক্ষ জনবল তৈরিতে এটি উত্তরাঞ্চলের মানুষের উপকারে আসবে। বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপনের অনুরোধ জানান তিনি।
কৃতজ্ঞতা ও প্রশংসা: রাজারহাটে নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগের প্রশংসা করেন।
নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল বাস্তবায়নের পদক্ষেপে মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি মন্তব্য করেন, এটি কর্মচারীদের কাজের স্পৃহা বাড়াবে।
তবে এসব উন্নয়নমূলক দাবি ও প্রসঙ্গ ছাপিয়ে বক্তৃতার ছোট একটি অংশে দেড় মিনিটের মধ্যে ২৫ বার ‘স্যার’ বলার বিষয়টিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
বিতর্ক বা আলোচনায় তানজিলা তাসনিম এর আগেও এসেছিলেন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারে ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, যা নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল।
বুধবারের ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Leave a Reply