মাগুরায় পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাগুরা শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে গত বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেস কাউন্টারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শাকের হোসেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সমাবেশে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, “পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে একদল সন্ত্রাসী নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”
জেলা ছাত্রদলের নেতা শফিকুল ইসলাম পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শাকের হোসেনের খুনিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে পুলিশ জানিয়েছে, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

Leave a Reply