আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আশা প্রকাশ করেছেন যে, আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি মন্তব্য করেছেন, গত ১৭ বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং সাধারণ মানুষের অংশগ্রহণ প্রসঙ্গে স্পিকার বলেন, একজন প্রার্থীর কেবল অর্থবিত্ত থাকলেই হবে না, বরং তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকাটাই মূল বিষয়। সাধারণ মানুষেরও যাতে নির্বাচনে অংশ নেওয়ার সমান সুযোগ থাকে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এমন একটি দমনপীড়নের পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। তাই বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার জরুরি।

শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই।

ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা ও স্থানীয় দাবি নিয়ে কথা বলতে গিয়ে স্পিকার জানান, ভোলা জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং এখানকার মজুত দেশের বর্তমান মোট গ্যাসের মজুতের প্রায় সমকক্ষ বলে প্রতীয়মান হয়। এছাড়া আরও নতুন গ্যাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, ভোলার সাধারণ মানুষের গ্যাস পাওয়া তাদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে ভোলাবাসী গ্যাসের জন্য নানা কষ্ট ভোগ করছেন। এ বিষয়ে তিনি দ্রুত জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, নিজের নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সফল সফর শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *