রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। অবরোধের কারণে সেখানে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ফিরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে সাজেকে পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সাংবাদিকদের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রকিব জানান, ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের’ ডাকা অবরোধের কারণে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক আটকে পড়েছিলেন। পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় তাদের খাগড়াছড়ি সদরে ফিরিয়ে আনার সময় উজো বাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা গাড়ি আটকে দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি আরও জানান, পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালালে ইউপিডিএফের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সরকারি সম্পত্তি ও পর্যটকদের জানমাল রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছুড়তে বাধ্য হয়। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা থেমে থেমে এই গোলাগুলি চলে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ সুপার।
এদিকে, সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির খবরকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। দলটির মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন, স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে এ ধরণের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। সাজেকবাসীর শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি বানচাল করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, জনসংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে দলটির রাঙামাটি জেলার সভাপতি ডা. গঙ্গামানিক চাকমা বলেন, এগুলো ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। নিজেদের সন্ত্রাসী তৎপরতা থেকে নজর সরাতেই তারা এসব করছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের তৎপরতা বন্ধ এবং পাহাড়ি জনগণের নিরাপত্তার দাবিতে গত বৃহস্পতিবার (তৃতীয় দফায়) থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করে ইউপিডিএফ সমর্থিত ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’। এর আগে ১১ ও ১৫ অক্টোবর দুই দফায় অবরোধ পালন করা হয়েছিল।
বারবার অবরোধ ও পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণায় চরম ক্ষতির মুখে পড়েছেন সাজেকের রিসোর্ট ও ব্যবসায়ীরা। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা ও দপ্তর সম্পাদক জিয়াউল হক জানান, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শতভাগ বুকিং থাকলেও পরিস্থিতির কারণে পর্যটকদের মাঝপথেই ফিরে যেতে হয়েছে। এছাড়া ২৫ ও ২৯ অক্টোবর পর্যন্ত অনেক বুকিং বাতিল হয়ে গেছে। পর্যটক ও ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সাজেকবাসীও খাদ্যসামগ্রী ও কৃষিপণ্য আনা-নেওয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

Leave a Reply