মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে এসে বোমা বিস্ফোরণ ও ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এই রোমহর্ষক ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের ধাওয়া ও গণপিটুনিতে তাইজুল সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
এই হামলায় উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুই ভাই মহাসিন ও জহির চৌকিদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারসহ বেশ কয়েকজন। হঠাৎ একটি অটোরিকশা থেকে নেমে বোরকা পরা চার যুবক পরপর তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান। মুহূর্তেই বোমার ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর তারা ধারালো অস্ত্র নিয়ে সাবেক চেয়ারম্যান মিলন সরদার এবং মহাসিন ও জহির চৌকিদারের ওপর অতর্কিত হামলা চালান।
পরিস্থিতি বুঝে স্থানীয় লোকজন সাহসিকতার সাথে হামলাকারীদের ধাওয়া করেন। এ সময় তিন জন পালিয়ে যেতে সক্ষম হলেও তাইজুল সরদারকে ধরে ফেলেন স্থানীয়রা। ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, বোরকা পরিহিত হামলাকারীদের মধ্যে নিহত তাইজুল ছাড়াও সাইফুল ও আলামিন নামে তিনজনকে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এই হামলার বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply