ফরিদপুরে হানিট্র্যাপ: ১৮ ঘণ্টা আটকে রেখে মোবাইল ব্যবসায়ীর টাকা আদায় ও নির্যাতন, গ্রেপ্তার ২

ফরিদপুরের সদরপুরে হানিট্র্যাপের ফাঁদে ফেলে ইব্রাহীম খান (২৮) নামের এক মোবাইল ব্যবসায়ীকে ১৮ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে, উপজেলার সদর ইউনিয়নের কদমতলা এলাকার খাদিজাতুল কোবরা মাদ্রাসার তৃতীয় তলার একটি কক্ষে।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের সুমনের স্ত্রী এবং কথিত কনটেন্ট ক্রিয়েটর অঞ্জনা আক্তার (২৫) এবং ঢেউখালী ইউনিয়নের বক্সডাঙ্গী গ্রামের মনির মাতুব্বরের স্ত্রী মালা আক্তার (১৯)।

ভুক্তভোগী ইব্রাহীম খানের অভিযোগ সূত্রে জানা যায়, অঞ্জনার সঙ্গে তার কলেজ জীবনের পরিচয় ছিল। সম্প্রতি অঞ্জনা তার পরিচয় করিয়ে দেন মালার সঙ্গে। এরপর থেকে মালার সঙ্গে মোবাইলে টুকটাক কথাবার্তা হতো ইব্রাহীমের। গত ২০ অক্টোবর রাতে অঞ্জনার আমন্ত্রণে ওই মাদ্রাসার কক্ষে যান ইব্রাহীম। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মালা। কিছু সময় পর ‘বাইরে যাওয়ার কথা’ বলে কক্ষের বাইরে থেকে দরজা আটকে দেন অঞ্জনা। এরপর শুরু হয় নাটকীয়া পরিস্থিতি—মালা রুমের ভেতর কান্নাকাটি শুরু করেন।

কিছুক্ষণ পর অঞ্জনার স্বামী সুমনসহ ১০-১২ জন যুবক সেখানে প্রবেশ করেন। তারা ইব্রাহীমকে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। পাশাপাশি আরও ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তাকে টানা ১৮ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

অবশেষে কৌশলে ইব্রাহীম তার আত্মীয় সোহেল মোল্লাকে ফোন করে টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। সোহেলের সন্দেহ হলে বিষয়টি তিনি সদরপুর থানাকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মূল অভিযুক্ত সুমন ও তার সহযোগীরা পালিয়ে গেলেও দুই নারীকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় ভুক্তভোগী ইব্রাহীম খান বাদী হয়ে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অঞ্জনা আক্তার, তার স্বামী সুমন ও মালা আক্তারসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *